মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১০ : ৪৪ সকাল

মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১০ : ৪৪ সকাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ পি.এম

বকেয়া বেতনের দাবিতে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

গাজীপুর মহানগরীর টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার আওতাধীন এরশাদ নগর এশিয়া পেট্রোল পাম্পের সামনের মহাসড়ক অবরোধ করেন টঙ্গীর খাঁ পাড়া এলাকায় সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা।

এতে অফিসগামী মানুষজন পড়েছেন চরম ভোগান্তিতে । গাড়ি না পেয়ে হেঁটেই গন্তব্যস্থলের দিকে যাচ্ছেন অনেকে। প্রায় দেড় ঘণ্টা ধরে বন্ধ হয়ে আছে সড়কের উভয় পাশের যান চলাচল।

জানা যায়, গাজীপুর মহানগরীর টঙ্গীর পশ্চিম থানাধীন খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকরা সকাল ৭টায় কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে। পরে শ্রমিকরা সকাল সাড়ে ৯টার দিকে জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

এক গার্মেন্টস শ্রমিক বলেন, বেতন দিয়ে দেয়া হবে এমন আশ্বাসে আমাদের তিন মাস ধরে ঘোরানো হচ্ছে। চলতি মাসসহ মোট চার মাসের বেতনের টাকা বাকি পড়েছে। এর আগের দুই মাসে ওভারটাইমের টাকা পরিশোধ করা হয়নি। আমরা চাই প্রতি মাসের ৭ তারিখের মধ্যে যেন শ্রমিকদের বেতনের টাকা পরিশোধ করা হয়। আগের বকেয়াও পরিশোধ করতে হবে।

এ ছাড়া হাজিরা বোনাসের দাবিতে বাঘের বাজার এলাকায় মণ্ডল গার্মেন্টস লিমিটেডের পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রতিমুহূর্ত/নীল/আল-আমিন